দুই ধাপে সারা দেশে ১৩৬ জন পুলিশ পরিদর্শককে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। বদলির আদেশে বলা হয়েছে, আগামী শনিবার বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল জহির স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ বদলি করা হয়। এর মধ্যে একটি আদেশে ৭৩ জন এবং অন্য আদেশে ৬৩ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এ কে এম আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার ১৩৬ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। পুলিশের যেসব বিভাগে শূন্য পদ আছে, বদলি করা পরিদর্শকদের দিয়ে সেসব পদ পূরণ করা হবে।