পরীমনিকে দেখতে থাকেন
মামলা পাওয়া গেছে! অবশেষে এমন মামলা পাওয়া গেছে, যা আপনাকে কিছুদিন বা বহুদিনের জন্য দেশের সব রকম অপরাধ, পুলিশি হেফাজতে মৃত্যু, গুম অথবা বিচারবিহীন হত্যাকাণ্ড, দেশের অর্থ দেদার বিদেশে পাচারের সুব্যবস্থা, প্রায় সব ধরনের অপরাধীর শাস্তির বিধান করতে সরকারের ব্যর্থতার সুযোগে বিচারব্যবস্থার প্রতি মানুষের হতাশা, প্রকাশ্যে কুপিয়ে-পিটিয়ে হত্যার ধারণকৃত দৃশ্য ভুলিয়ে দেবে। সব ভুলে আপনি কেবল একটি দৃশ্যে মহানন্দে আটকে থাকতে পারবেন।
পরিসদৃশ একটি মেয়েকে টানাহেঁচড়া করা হচ্ছে, কিছু মাদকের আর রসের সন্ধান পাওয়া আইন রক্ষাকারী বাহিনী তাঁর মুখ থেকে কথা বের করার জন্য নিজেদের আয়ত্তে রাখার সময়কাল বাড়িয়েই চলেছে। আনন্দে বিভোর হয়ে আপনি বুঝবেন, সমাজের কুলাঙ্গার আর দুশ্চরিত্র নারীদের একজন প্রতিনিধিকে শাস্তির দরজায় কড়া নাড়তে দেখলে কী ভীষণ আয়েশ লাগে, ভেতরে-ভেতরে কী প্রচণ্ড উত্তেজনা জেগে ওঠে...কেউ দুম করে লিখে প্রকাশ করে ফেলবেন, কেউ আবার সুড়সুড়ি লাগার মতো শিরশিরে অনুভূতিতে ঘুমাতে পারবেন না, জেগে জেগে ট্যাবলয়েডের জায়গায় প্রতিস্থাপিত দেশের মূলধারা গণমাধ্যমের রিপোর্ট দেখবেন আর পড়বেন।