একাধিক গান নিয়ে শাহনাজ বেলী
বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ফোক গানের জনপ্রিয় সংগীতশিল্পী শাহনাজ বেলী। স্টেজ শো, টিভি অনুষ্ঠান ও নতুন গান নিয়ে কাটছে তার সময়। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে এ শিল্পী বলেন, এখন শো নিয়ে বেশি ব্যস্ত। তবে এখন যে সংখ্যক শো হওয়ার কথা সে রকমটা হচ্ছে না। হয়তো সামনে হবে। এমনিতে গত কিছুদিনে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি শোতে অংশ নিয়েছি। সামনেই শীত মৌসুম। হয়তো সে সময় ব্যস্ততা আরো বাড়বে। এদিকে নতুন কয়েকটি গানের কাজ করছেন বলেও জানান শাহনাজ বেলী। এরমধ্যে রাধারমনের গান নিয়ে যে অ্যালবাম করছেন, তার কয়েকটি গানের কাজও করছেন বলে জানিয়েছেন এ শিল্পী। এর বাইরে দুটি নতুন ফোক গানেও কণ্ঠ দিয়েছেন বেলী। অন্যদিকে শাহ আলম সরকারের কথা-সুরে ও সুমন কল্যাণের সংগীতায়োজনেও মাকে নিয়ে একটি গান গেয়েছেন তিনি। এর বাইরে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ও বিশ্বজিত রায়ের সুরে একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন বেলী। নতুন গানের ব্যস্ততা প্রসঙ্গে এ শিল্পী বলেন, কয়েকটি গানের কাজই করলাম সম্প্রতি। এগুলো একেকটি বিষয় ও ঘরানার। এগুলো শ্রোতাদের জন্য আমার পক্ষ থেকে চমক। গানগুলো নির্দিষ্ট সময় পর পর প্রকাশ হবে। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।