ছবি সংগৃহীত
প্রিয় গন্তব্য: কবিগুরু রবীন্দ্রনাথের শিলাইদহ কুঠিবাড়ি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৭, ১৬:৫০
আপডেট: ১৯ মার্চ ২০১৭, ১৬:৫০
আপডেট: ১৯ মার্চ ২০১৭, ১৬:৫০
কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি। ছবি: সোহেল রাব্বী।
(প্রিয়.কম): রবি ঠাকুর বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের স্বীকৃত সম্রাট, বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে তার অবদানের সীমা নেই। বাংলা ভাষাকে সারা বিশ্বে পরিচিত করে তোলার জন্য তার নোবেল পুরস্কার প্রাপ্তি একাই যথেষ্ট ছিল। জমিদার হলেও তিনি ভোগবিলাসে মত্ত না থেকে মজেছিলেন সাহিত্য চর্চায় আর বলা হয়, বাংলা ভাষার এমন কোন শাখা নেই যেখানে তার পদচারণ নেই। বিশ্বের ইতিহাসে তিনিই একমাত্র গীতিকার যার লেখা দুটি গান দুটি দেশের জাতীয় সঙ্গীত।
জমিদারি তদারকির কাজে এবং অবসর যাপনের জন্য বর্তমান কুষ্টিয়ায় পদ্মা নদীর তীরে তৈরি করা হয় শিলাইদহ কুঠি-বাড়ি, আর এই কুঠি-বাড়িতে থাকাকালীন সময়েই তিনি রচনা করেছেন কাব্য গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি ইত্যাদি। গীতাঞ্জলী বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের কাজটিও তিনি এখান থেকেই শুরু করেন, যেটা তাকে পরবর্তীতে নোবেল পুরস্কার এনে দেয়।

রবীন্দ্র কুঠিবাড়ি, কুষ্টিয়া। ছবি: আশিক সারওয়ার।
কোথায়: কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার একটি গ্রাম শিলাইদহ। পদ্মা নদীর কোল ঘেঁষে গ্রামটির পূর্ব নাম খোরশেদপুর। রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এ অঞ্চলের জমিদারি পান। সেসময়ই এই কুঠি-বাড়িটি তৈরি করেন তিনি।
কিভাবে যাবেন: সড়ক পথে গাবতলি ও সায়দাবাদ বাস-স্ট্যান্ড থেকে কুষ্টিয়া জেলায় ভ্রমণের জন্য সরাসরি বাস পাওয়া যায়।
ট্রেনে ভ্রমণ করতে চাইলে কমলাপুর রেল ষ্টেশন থেকে যমুনা সেতু হয়ে কুষ্টিয়া ট্রেনে ভ্রমণ করা যায়। এই রুটের ট্রেন গুলোর মধ্যে চিত্রা, তূর্ণা ও সুন্দরবন এক্সপ্রেস এর মধ্যে অন্যতম।
কুষ্টিয়া শহর থেকে আলাউদ্দিন মোড় পর্যন্ত বাসে গিয়ে স্থানীয় যানবাহন রিক্সা-ভ্যান ও নসিমন যোগে যাওয়া যায়। কুষ্টিয়া শহর থেকে কুঠিবাড়ির দূরত্ব ১ কিলোমিটার।
কি দেখবেন: আঠারো শতাব্দীর শেষ দিকে রবীন্দ্রনাথের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর শিলাইদহ জমিদারী ক্রয় করে ১৮১৩ সালে তিনি কুঠি-বাড়িটি নির্মাণ করেন। দ্বিজেন্দ্রনাথ, জ্যোতিবিন্দ্র নাথ, হেমেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ ঠাকুরসহ ঠাকুর বংশের প্রায় সকলেই পদ্মা গড়াই বিধৌত এই স্থানে বসবাস করেন গেছেন। মূলত: জমিদারী কাজকর্ম দেখাশুনার জন্য এই বাড়ি নির্মাণ করা হয়েছিল। সে সময়ে ঠাকুর পরিবারের কুষ্টিয়ার শিলাইদহ; নাটোরের পতিসর ও পাবনার শাহজাদপুরে তিনটি জমিদারী ছিল। পারিবারিক আদেশে রবীন্দ্রনাথ শিলাইদহে জমিদারী পরিচালনার জন্য এসেছিলেন।

কুঠিবাড়ি ভবন এবং তার পার্শ্ববর্তী এলাকা। ছবি: ফরিদ সোহেল।
শিলাইদহের এই কুঠি বাড়িতে রুম সংখ্যা আঠারোটি, দরজা সংখ্যা সতেরোটি, জানালার সংখ্যা ত্রিশটি। কুঠি-বাড়ির তিন তলার কামরাটা ছিল কবি গুরুর লেখার ঘর। কবি এই ছাদের উপর বসে সূর্যোদয়, সূর্যাস্ত ও জ্যোৎস্না প্লাবিত প্রকৃতির শোভায় মুগ্ধ হতেন। তাঁর এই মুগ্ধতা তিনি বিভিন্ন কাব্যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রকাশ করেছেন। এই ঘরের জানালা দিয়ে এখন শুধু পদ্মাকে দেখা যায়। আগে পদ্মা গড়াই দুটো নদীকে দেখা যেত। কবি রবীন্দ্রনাথ তখন ঘরে বসেই শুনতে পেতেন নদীর ডাক।
১৯৫৮ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি-বাড়িটি গৌরবময় স্মৃতি-রূপে সংরক্ষিত আছে । ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কুঠি-বাড়িটি গুরুত্ব অনুধাবন করে কবির বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয় ।
পুরো ভবনটি এখন জাদুঘর হিসেবে দর্শকদের জন্যে উন্মুক্ত । জাদুঘরের নীচতলা ও দ্বিতীয় তলায় ১৬টি কক্ষেই কবি রবীন্দ্রনাথ, শিল্পী রবীন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ, কৃষক বন্ধু রবীন্দ্রনাথ অর্থাৎ নানা বয়সের বিচিত্র ভঙ্গির রবীন্দ্রনাথের ছবি । বাল্যকাল থেকে মৃত্যুশয্যার ছবি পর্যন্ত সংরক্ষিত আছে ।
তাছাড়াও রয়েছে শিল্পকর্ম এবং তাঁর ব্যবহার্য আসবাবপত্র দিয়ে পরিপাটি দিয়ে সাজানো । কবি ভবনে ব্যবহার্য জিনিসপত্র গুলোর মধ্যে আরো আছে চঞ্চলা ও চপলা নামের দুটো স্পিডবোট, পল্টুন, ৮ বেহারা পালকি, কাঠের চেয়ার, টি টেবিল, সোফাসেট, আরাম চেয়ার, পালঙ্ক ইত্যাদি প্রয়োজনীয় জিনিস।
গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুঠি-বাড়ি খোলা থাকে। মাঝখানে দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত আধ ঘণ্টার জন্যে বন্ধ থাকে। আর শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত বন্ধ থাকে। আর সবসময়ের জন্যেই শুক্রবারে জুম্মার নামাযের জন্যে সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা ২.০০ থেকে খোলা থাকে।
সম্পাদনা ড. জিনিয়া রহমান।
আপনাদের মতামত জানাতে ই-মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।
১ ঘণ্টা, ৪৮ মিনিট আগে
১ ঘণ্টা, ৪৮ মিনিট আগে
২ ঘণ্টা, ২৫ মিনিট আগে
২ ঘণ্টা, ২৬ মিনিট আগে