ছবি সংগৃহীত
পাইলট হতে চেয়েছিলেন রনি
আপডেট: ১৫ জানুয়ারি ২০১৭, ১৫:৪১
ছবি: সংগৃহীত
(প্রিয়.কম) আকাশ দিয়ে বিমান উড়ে যেতে দেখলেই স্বপ্নের রাজ্যে হারিয়ে যেত ছোট্ট শিশুটি। মনে মনে এঁকে যেত আকাশে ওড়ার ছবি। যেখানে পাইলট সে নিজেই। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে স্বপ্নও বদলে যেতে থাকে আবু হায়দার রনির। পাইলট নয়, এখন তিনি জাতীয় দলের ক্রিকেটার। লাল-সবুজ জার্সি গায়ে লড়াই করেন দেশের জন্য।
তার কাছে এটা সবচেয়ে বড় স্বপ্নের জায়গা। বাঁহাতি এই পেসারের বসবাস এখন এই স্বপ্নের মাঝেই। তবে ছোট বেলার কথা মনে করিয়ে দিতেই পাইলট হওয়ার সেই বাসনার কথা বলতে দ্বিধা করলেন না ২০ বছর বয়সী তরুণ এই বাংলাদেশ পেসার।
শৈশব নিয়ে প্রিয়.কমকে রনি বললেন, ‘ছোট বেলায় স্বপ্ন দেখতাম পাইলট হওয়ার। যখন বিমান উড়ে যেত তখন তাকিয়ে দেখতাম। ছোট বেলায় খুব ইচ্ছা ছিলো পাইলট হবো। এছাড়া পড়ালেখায় একটু ভালো ছিলাম। তাই বাসার সবার ইচ্ছা ছিল যেন আমি পাইলট হই। এরপর স্কুলে জীবনেই তো খেলা শুরু করে দিলাম। ধীরে ধীরে খেলার দিকে এগিয়ে গেলাম।’
গত বছরের শুরুতে টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয় রনির। তবে নিয়মিত হতে পারেননি। খেলেছেন পাঁচটি টি-টোয়েন্টি। অন্য ফরম্যাটেও জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি। কিন্তু তার সাথেই খেলা মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকতরা জাতীয় দলে খেলে যাচ্ছেন।
যা দেখে আফসোসই হয় রনির। এ বিষয়ে তরুণ এই পেসার বলেন, ‘আফসোস অবশ্যই কাজ করে। আফসোস করার মতোই বিষয়। কারণ আমরা একসাথেই ছিলাম। এখন ওরা খেলছে কিন্তু আমি পারছি না বা আমি দলে নেই। এটায় অবশ্যই খারাপ লাগে। তারপরও চেষ্টা করে যাচ্ছি যত দ্রুত ফেরা যায়।’
জাতীয় দলে সুযোগ না পাওয়ার কারণটাও অজানা নয় রনির। নিজের দুর্বল জায়গা আবিষ্কার করতে পেরেছেন তিনি, ‘ আত্মবিশ্বাসের অভাব ছিলো। অভিজ্ঞতার অভাব ছিলো। এগুলোকেই আমি প্রধান কারণ বলব। ফিটনেসটা আরও উন্নত করতে হবে। এরপর বোলিংয়ে আত্মবিশ্বাস যেমন একটা জায়গায় বোলিং করা, বা ইচ্ছা মতো ডেলিভারি দেয়া এসব জায়গায় উন্নতি করতে হবে।’
আবু হায়দার রনির সংক্ষিপ্ত জীবনী:
নাম: আবু হায়দার
ডাক নাম: রনি
জন্ম তারিখ : ১৬ ফেব্রুয়ারি, ১৯৯৬
জন্মস্থান: নেত্রকোনা
স্থায়ী ঠিকানা: গ্রাম- নয়াপাড়া, ডাকঘর- রায়পুর, থানা- বাহাট্টা, জেলা- নেত্রকোনা।
বাবা: মো. জালাল উদ্দিন
মা: সল্পনা আক্তার
ভাই-বোন: তিন ভাই, দুই বোন।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
প্রথম কাজ: ক্রিকেট খেলা
পেশা: ক্রিকেটার
কাছের বন্ধু: ইশাত, তানিম, আপন (এরা সবাই ক্রিকেটার)।
স্কুল: আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা।
কলেজ: আবু আব্বাস ডিগ্রি কলেজ, নেত্রকোনা।
বিশ্ববিদ্যালয়: বিবিএ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)।
ক্রিকেট ছাড়া বিশেষ যোগ্যতা: গান গাইতে পারেন।
বর্তমান বাসস্থান: পান্থপথ, ফার্মগেট।
প্রিয় ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মিচেল জনসন, মোহাম্মদ আমির।
প্রিয় খাবার: খিচুরি, ভুনা গরুর মাংস।
ভবিষ্যত পরিকল্পনা: যতটা সম্ভব ফিট থেকে খেলো যাওয়া। প্রধান লক্ষ্য জাতীয় দলে খেলা।
যা জানে না মানুষ এমন তথ্য: অনূর্ধ্ব-১৪ দলের হয়ে রংপুরে খেলতে গিয়ে অ্যাপেনডিক্সের অপারেশন করাতে হয়েছিলো রনিকে। এটা এখনও কেউ জানে না।
জীবনের অপ্রাপ্তি: কোনো অপ্রাপ্তি নেই।
কী হওয়ার স্বপ্ন ছিল: পাইলট।
সম্পাদনা: সৌরভ মাহমুদ