ছবি সংগৃহীত
প্রথমবারের মত ভালোবাসা দিবসের নাটকে মীম
আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭, ০৬:৩১
অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম ছবিঃ সংগৃহীত
(প্রিয়.কম) বিদ্যা সিনহা সাহা মীম একজন পুরোদস্তুর অভিনয়শিল্পী। লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৭ এ জয়লাভের পর তিনি মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন। হুমায়ুন আহমেদের নাটক ‘জল তরঙ্গ’ তে মীম প্রথম মূখ্য চরিত্রে অভিনয় করেন। অতঃপর শুরু হয় তার সিনেমায় অভিনয়ের যাত্রা। ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে তিনি সিনেমাজগতে পা রাখেন।
মীম তার ক্যারিয়ারে একাধিক নাটকে অভিনয় করেছেন। ‘শেষের গল্প’, ‘আনমনে অগোচরে’, ‘ফেরারি একদিন’, ‘পুতুল পুতুল খেলা’, ‘এই ছেলে’, ‘ভালোবাসার ঘ্রাণ’ ইত্যাদি আরো অনেক নাটকে তিনি তার কৃতিত্বের সাক্ষর রেখেছেন। তবে নাটকের চেয়ে তার সিনেমায় বেশি অবদান। ‘আমার আছে জল’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘আমি তোমার হতে চাই’, ‘ভালোবাসা এমনি হয়’ ইত্যাদি মীম অভিনীত জনপ্রিয় সিনেমা।
ব্যক্তিগত জীবনে রাজশাহীতে জন্ম ও বেড়ে ওঠা এই নামকরা অভিনেত্রীর। বাবা প্রফেসর বীরেন্দ্র নাথ সাহা ও মা ছবি সাহা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেছেন কুমিল্লা থেকে। পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ ডিগ্রী অর্জন করেন।
এবারের ভালোবাসা দিবসে মীমের একটি নাটক আসছে। তিনি এবার প্রথমবারের মত ভালোবাসা দিবসের নাটকে অভিনয় করছেন। ‘তোমার পিছু পিছু’ শিরোনামে নাটকটিতে তার বিপরীতে আছেন তাহসান। মীমের মতে, সম্পূর্ণ ভিন্নধর্মী একটি গল্প হতে চলেছে তার নাটকের। বাংলাভিশনে প্রচারিত হবে নাটকটি।
সম্পাদনা: এফআর