আইভ্রু প্লাক করার পরে অনেকেরই ব্রণের প্রাদুর্ভাব দেখা দেয়। মডেল: সুমী, ছবি: নূর।

আইভ্রু প্লাকের পর ব্রণ দেখা দিচ্ছে? জেনে নিন সমাধান

ফাওজিয়া ফারহাত অনীকা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৩০
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৩০

(প্রিয়.কম) সৌন্দর্য চর্চায় ভ্রু প্লাক করার ব্যাপারটি খুবই সাধারণ ও প্রচলিত একটি ধারা। প্রায় সকল নারীই নিয়মিত ভ্রু প্লাক করে থাকেন। অবাঞ্ছিত ভ্রু উঠিয়ে ফেলে  সুন্দর ও পারফেক্ট সাইজে আনার জন্যেই এই নিয়মের প্রচলন সর্বত্র। কারণ, ভ্রু প্লাক করার পরে চোখ ও আশেপাশের অংশ একদম পরিষ্কার বয়ে যায়। যার ফলে চোখ দেখতে সুন্দর ও আকর্ষনীয় হয়ে ওঠে। তবে সৌন্দর্য চর্চার বহুল জনপ্রিয় এই পদ্ধতি অনুসরণ করার সমস্যাও রয়েছে। আইভ্রু প্লাক করে তুলে ফেলার কারণে ত্বকের রোমকূপগুলো একদম খুলে যায় বা বড় হয়ে যায়। রোমকূপ এমন বড় হয়ে যাবার ফলে, এতে বাইরের ময়লা বেশী প্রবেশ করে থাকে। যার ফলে অনেকের আইভ্রু প্লাক করার পরে ত্বকে অতিরিক্ত ব্রণের প্রাদুর্ভাব দেখা দেয় এবং ইনফেকশন তৈরি হয়।

দেখা গেছে, প্রতি ১০ জন নারীর মাঝে ৭ জন নারী ভ্রু প্লাকের পরবর্তী সময়ে ব্রণের সমস্যায় ভুগে থাকেন! ব্রণের সমস্যা ছাড়াও ত্বকের অন্যান্য সমস্যা, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, র‍্যাশে হওয়া, চুলকানির প্রাদুর্ভাবও দেখা দিয়ে থাকে। আপনিও যদি এই সমস্যাগুলোর কোন একটাতে ভুগে থাকেন, তবে এই সকল সমস্যা থেকে দূরে থাকার জন্য প্রয়োজন কিছু সহজ নিয়ম মেনে চলে। খুব সহজ কয়েকটি নিয়ম আইভ্রু প্লাকের পর ত্বকের যে কোন ধরণের সমস্যা তৈরি হওয়া থেকে রক্ষা করবে আপনাকে।

স্পর্শ করা থেকে বিরত থাকা

আইভ্রু প্লাকের পরে প্লাককৃত ত্বকের অংশে হাত দিয়ে স্পর্শ করা থেকে অন্তত ৪-৫ ঘন্টা পর্যন্ত বিরত থাকতে হবে। হাতের স্পর্শে ত্বকের সেই অংশে ময়লা প্রবেশ করতে পারে। যার ফলে ব্রণের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

ভালো কোন স্কিন টোনার ব্যবহার করা

প্লাক করার পরে ত্বকের সেই অংশ যেহেতু একেবারেই উন্মুক্ত হয়ে যায়, সেখানে ময়লা বেশী প্রবেশ করে থাকে। তাই প্লাক করার পরে ভালো কোন ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়ে টোনার ব্যবহার করতে হবে। এতে ত্বকের সমস্যা তৈরি হবার উপদ্রব অনেকটাই কমে যায়।

রোদের আলো থেকে দূরে থাকা

সদ্য প্লাককৃত ত্বকে রোদের আলো লাগলে ত্বকের ক্ষতি হওয়া সহ ব্রণের প্রাদুর্ভাব দেখা দিতে শুরু করে। যে কারণে ভ্রু প্লাকের পরে অন্তত ১০-১২ ঘন্টা পর্যন্ত রোদের আলোর কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। জরুরি কাজের জন্য রোদের মাঝে বের হতে হলে অবশ্যই ভালো কোন সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

গোলাপজল ব্যবহার করা

গোলাপজল হলো ত্বকের জন্য উপকারী এই উপাদান। বিশেষ করে ভ্রু প্লাকের পরবর্তি সময়ে ব্রণের প্রাদুর্ভাব কমানোর জন্যে এটা বিশেষভাবে উপকারী। ভ্রু প্লাকের পর সেই অংশে কোন জ্বালা-যন্ত্রণা বা প্রদাহ তৈরি হলে গোলাপজল ব্যবহারে তাৎক্ষণিকভাবে আরাম পাওয়া যায়। গোলাপজল ব্যবহারের জন্য একটি তুলার বলে অল্প কয়েক ফোঁটা গোলাপজল লাগিয়ে আইভ্রুর অংশে লাগালেই হবে।

মেকআপ ব্যবহার থেকে বিরত থাকা

যেকোন ধরণের মেকআপ সামগ্রী তৈরি করা হয় বিভিন্ন ধরণের কেমিক্যালযুক্ত পণ্য দিয়ে। আইভ্রু প্লাক করার সাথে সাথে চোখ ও ভ্রুর অংশে কোন ধরনের মেকআপ পণ্য ব্যবহার করলে সেটা সরাসরি রোমকূপের ভেতরে প্রবেশ করে ফেলে। এতে করে ত্বকে বিভিন্ন ধরণের সমস্যা দেখা দেওয়া শুরু হয়ে থাকে। বিশেষ করে আইভ্রু প্লাক করার পরের দুই দিন পর্যন্ত আইভ্রুতে কোন ধরণের আইশ্যাডো ও আইভ্রু পেন্সিল একেবারেই ব্যবহার করা যাবে না।

অ্যালোভেরা জেল ব্যবহার করা

ত্বকের যেকোন ধরণের সমস্যার ক্ষেত্রে অ্যালোভেরা জেল দারুণ উপকারী। বিশেষ করে সদ্য আইভ্রু প্লাক করার পরবর্তি সময়ের জন্য অ্যালোভেরা জেল খুব ভালো কাজ করে থাকে। অ্যালোভেরা জেলে থাকা প্রদাহ-বিরোধী উপাদান সমূহ ত্বকের সমস্যা ও প্রদাহ কমাতে সাহায্য করে থাকে। যার ফলে ত্বকে কোন সমস্যা তৈরি হয় না।

সূত্র: Boldsky

প্রিয় লাইফ/ আর বি