চন্দ্রণাথ পাহাড়ের চূড়া থেকে। ছবি- ইশতিয়াক মাহমুদ

সীতাকুণ্ড বেড়াতে যাচ্ছেন? কোথায় থাকবেন জেনে নিন।

আফসানা সুমী
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৭, ১৭:৩১
আপডেট: ০৯ অক্টোবর ২০১৭, ১৭:৩১

(প্রিয়.কম): সীতাকুণ্ড এখন পর্যটকদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে। আর হবেই বা না কেন? ঝর্ণা, পাহাড়, বন কি নেই সেখানে? তাইতো প্রতিদিন অসংখ্য পর্যটক সীতাকুন্ড ভ্রমণে যাচ্ছেন। কেউ ক্যাম্পিং করছেন আবার কেউ ট্রেকিং করে দিনে দিনেই ফিরে আসছেন। কিন্তু যারা ক্যাম্পিং ও করবেন না আবার ঐদিনই ফিরে আসবেন না কি করবেন তারা? 

সীতাকুণ্ড এবং এর আশেপাশের সব দর্শনীয় স্থান দেখতে গেলে একজন ভ্রমণকারীকে অবশ্যই কয়েকদিন অবস্থান করতে হবে। কেউ যদি ফেনী থেকে ট্রেইল শুরু করেন তাহলে বড় কমলদহ, ছোট কমলদহ, নাপিত্তাছড়া, খৈয়াছড়া বেড়িয়ে সহস্রধারা আর সুপ্তধারার লাস্যময়ী ঝর্ণা দেখতেই তার ৩ দিন লাগবে। সীতাকুণ্ড এর কাছেই আছে বাঁশবাড়িয়া আর গুলিয়াখালি সমুদ্রসৈকত। এসবের পাশাপাশি হাজারিখিল বা বাড়ৈয়াঢালা বনে যদি আলাদা করে ট্রেকিং করতে চান তাহলে তো আরও সময় লাগবে, তাই না? পবিত্র চন্দ্রণাথের পাহাড়ও কিন্তু মিস করা মতো নয়। সেক্ষেত্রে থাকার জন্য ভাল মানের হোটেল খুবই জরুরি।  

গুলিয়াখালি
সীতাকুণ্ডের গুলিয়াখালি বিচ। ছবি- সংগৃহীত

কিন্তু দুঃখজনক হলো সীতাকুণ্ডে ভালো মানের হোটেল পাওয়া দুস্কর। বাজারে স্বন্দীপ এবং সাইমুন নামক হোটেল আছে। কিন্তু পর্যটকদের রিভিউ সাপেক্ষে বলা যায় এদের মান খুবই খারাপ। তবে একটু এগিয়ে গেলে ভালো হোটেল পাবেন। এমনিতেই এই জায়গাগুলোর সবই সন্ধ্যার মাঝে দেখা শেষ হয়ে যাবে। এরপর বাসে করে চলে যান কুমিরা। ৮ নং বাসে সীতাকুণ্ড থেকে কুমিরার ভাড়া জনপ্রতি ২০ টাকা। বড় কুমিরা থেকে ঘাটে যাওয়ার অটোতে উঠে পড়ুন। ভাড়া নেবে ১০ টাকা। এখানে পাবেন একটি হোটেল যার নাম "থ্রি স্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট"। ৬০০ থেকে ৮০০ টাকায় ডাবল বেডের কক্ষ পাবেন এখানে। নিচে রেস্টুরেন্ট আছে, খাবারের মান ভালো। 

এই হোটেলটির আরেকটি বিশেষ দিক হলো হোটেলের একপাশে কাছেই আছে একটি ব্রিজ যা চলে গেছে সমুদ্রের দিকে। সকালের সময়টা বেশ উপভোগ্য হবে এখানে। তাই আর চিন্তা নেই, ঝড়, বাদল, শীত যাই থাক আর আপনার ভ্রমণদলটি পারিবারিক বা বড় সংখ্যার বন্ধুদেরই হোক থাকার জায়গা নিয়ে আর ভাবতে হবে না। প্রয়োজনে বুকিং দিতে ডায়াল করুন এই নম্বরে- ০১৮২০০৪০৩৫।

সম্পাদনা: ড. জিনিয়া রহমান।

ভ্রমণ সম্পর্কিত আরও জানতে চোখ রাখুন আমাদের প্রিয় ট্রাভেলের ফেসবুক পাতায়। ভ্রমণ নিয়ে আপনার যেকোনো অভিজ্ঞতা, টিপস কিংবা লেখা পোস্ট করুন আমাদের সাইটে । আপনাদের মতামত জানাতে ই-মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।