সাতকানিয়ায় ১৩৯তম মক্কার বলিখেলা। ছবি: সংগৃহীত

সাতকানিয়ায় ১৩৯তম ‘মক্কার বলিখেলা’

মোহাম্মদ আলাউদ্দিন
প্রতিবেদক, লোহাগাড়া
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৮, ১৫:২০
আপডেট: ২১ এপ্রিল ২০১৮, ১৫:২০

(প্রিয়.কম) দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘মক্কার বলিখেলার’ ১৩৯তম আসর বসেছে এবার। এটি এক বিশেষ ধরনের কুস্তি খেলা, প্রতি বছরের বৈশাখ মাসের ৭ তারিখে এই খেলার আসর বসে।

এ উপলক্ষে মক্কার বাড়ির আশপাশে বিশাল এলাকাজুড়ে ২০ এপ্রিল, শুক্রবার থেকে সপ্তাহব্যাপী শুরু হয়েছে বৈশাখী মেলা। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। 

বলিখেলা দেখতে শুক্রবার বিকালে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার উৎসুক জনতা মক্কার বাড়ি এলাকায় ভিড় জমান। এবারের আসরে টেকনাফ, কক্সাবাজার, রামু, বাঁশখালীসহ বিভিন্ন জায়গা থেকে নামকরা বলিরা অংশ নিয়েছেন।

বলিখেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান মোল্যা, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, লোহাগাড়া যুবলীগের অাহবায়ক জহির উদ্দিন, সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন, লোহাগাড়া থানার ওসি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

মক্কার বলিখেলা দেখতে আসে হাজারো মানুষ। ছবি: সংগৃহীত

এদিকে, সপ্তাহব্যাপী শুরু হওয়া বৈশাখী মেলায় দোকানিরা নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন। সেখানে খাবার, কাপড়-চোপড়, কসমেটিকসের দোকান ছাড়াও বাঁশ-বেতের তৈরি জিনিসপত্র, নানা কৃষি উপকরণসহ গ্রামীণ পরিবারে সারা বছরের প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী মেলায় পাওয়া যাবে।

খেলার আয়োজক ও মাদার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল আলম চৌধুরী জানান, ১৩৯ বছর আগে তার দাদা কাদের বক্সু চৌধুরী এ খেলার প্রচলন করেছিলেন। দক্ষিণ চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা লোকজন বলিখেলা উপভোগ করার পাশাপাশি মেলা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেন।

তিন শতাধিক বছর পূর্বে তাদের পূর্ব পুরুষ সৌদি আরবের মক্কার বাসিন্দা ইয়াছিন মক্কী ধর্ম প্রচারের উদ্যোশে সাতকানিয়ায় আসেন এবং মাদার্শার পাহাড়ি এলাকায় বসবাস শুরু করেন। এরপর থেকে এলাকাটি মক্কা বাড়ি হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি মারা গেলে ইয়াছিন মক্কীর পরবর্তী প্রজন্ম জমিদারি প্রথা চালু করেন। 

১৮৭৯ সালে ইয়াছিন মক্কীর নাতি কাদের বক্সু চৌধুরী খাজনা দিতে আসা প্রজা এবং এলাকার লোকজনকে আনন্দ দেয়ার উদ্দেশে সর্ব প্রথম বলিখেলার আয়োজন করেন। এরপর থেকে এটি মক্কার বলি খেলা নামে পরিচিত লাভ করেন। প্রতি বছর বৈশাখ মাসের ৭ তারিখে সবাই দল বেঁধে খাজনা দিতে আসতেন। খাজনা দিতে আসা লোকজন এবং এলাকার মানুষকে আনন্দ দেয়ার জন্য বলিখেলার আয়োজন করতেন। 

প্রিয় সংবাদ/ফারজানা/কামরুল