ছবি সংগৃহীত
সোনালী ব্যাংক ডাকাতি, দুই বছরে সফল হয়েছেন হাবিব
আপডেট: ২৮ জানুয়ারি ২০১৪, ১৬:২৪
দুই বছর আগেই কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের শাখা লুটের পরিকল্পনা এঁটেছিলেন হাবিবুর রহমান ওরফে সোহেল। পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যাংকের পাশে বাসা ভাড়া নেন তিনি। ভাড়া নেওয়ার পর থেকেই পরিকল্পনা মোতাবেক বাসা থেকে ব্যাংকের টাকা রাখার ভল্ট পর্যন্ত সুড়ঙ্গ করার ছক আঁকতে থাকেন। পাঁচ বস্তা টাকাসহ কিশোরগঞ্জের সোনালী ব্যাংক লুটের মূল হোতা হাবিবকে ঢাকা থেকে আটকের পর এমন তথ্য দিয়েছেন র্যাবের গোয়েন্দা কর্মকর্তারা। হাবিবের বাড়ি পটুয়াখালী জেলায় হলেও নদী ভাঙণে বিলীন হয়ে যায়। এরপর পরিবার নিয়ে কিশোরগঞ্জের নাওয়া এলাকায় তিনি বাড়ি গড়েন। ব্যাংক লুটের পরিকল্পনা মাথায় নিয়ে জেলা শহরের রথখোলা এলাকায় বাসা ভাড়া নেয়। হাবিবের বরাত দিয়ে র্যাবের অতিরিক্ত মহা-পরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, হাবিব মধ্যপ্রাচ্যের একটি দেশে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। সেখানে তিনি টার্নেল ও সুড়ঙ্গ তৈরির কাজ করতেন। ওই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে এই লুটের ঘটনা ঘটায়। ২০১২ সালে দেশে ফিরেন তিনি। তিনি বলেন, গত দুই বছর আগে কিশোরগঞ্জ শহরের রথখোলা এলাকার মৃত আমিনুল হকের বাসা ভাড়া নেন তিনি। ওই বাসায় আরো ১০ জন ভাড়াটে ছিলেন। ব্যাংক থেকে ওই বাড়ি হেঁটে যেতে প্রায় ১০মিনিট সময় লাগে। হাবিব নিজের নাম গোপন রেখে সোহেল নামে বাসা ভাড়া নেন। জিয়াউল আহসান বলেন, জিজ্ঞাসাবাদে ব্যাংক লুটের বিস্তারিত জানিয়েছেন হাবিব। তিনি বলেছেন, গত দুই বছর আগে ভাড়া নিলেও মূলত ৫ মাস আগ থেকেই তিনি সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেন। সুক্ষ্ম পরিকল্পনায় গত ২৪ জানুয়ারি প্রায় ৩০ মিটার সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকের ভেতর পর্যন্ত নিয়ে যান। তিনি ২৪ ও ২৫ জানুয়ারি নতুন কয়েকটি বস্তায় ভোল্টের টাকা ভরেন। এরপর একে একে সেই সুড়ঙ্গ দিয়েই টাকার বস্তাগুলো তার থাকার ঘরে নিয়ে যায়। ২৫ জানুয়ারি মধ্যরাতের কোনো এক সময় বস্তাভর্তি টাকাগুলো নিয়ে তার এক ভগ্নিপতিসহ ঢাকার কদমতলির বালুর মাঠ এলাকার তনয় ভিলার ৬ তলা বাসায় নিয়ে আসেন। এরপর ওই বাসাতেই তিনি অবস্থান করছিলেন। র্যাব জানায়, ২৬ জানুয়ারি রোববার সোনালী ব্যাংকের ওই শাখা লুটের ঘটনা জানাজানি হওয়ার পর র্যাবের গোয়েন্দা দল তার ওপর নজরদারি শুরু করেন। অবশেষে ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকেই লুট হওয়া ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৫ টাকাসহ তাকে আটক করে র্যাব।