ছবি সংগৃহীত

জেনে নিন কানে ব্যথার মূল কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

সাবেরা খাতুন
লেখক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪৩
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪৩

ফটোসোর্স : www.konigdds.com

(প্রিয়.কম) – কানে ব্যথার মত স্বাস্থ্য সমস্যা ছোটদের এবং বড়দের উভয়ের ক্ষেত্রেই হতে পারে।   কানে ব্যথা বেশ যন্ত্রণাদায়ক একটি সমস্যা। এর কারণে শিশুর মেজাজ খারাপ হতে পারে। কানে ব্যথা ভোঁতা বা তীব্র হতে পারে এবং জ্বালা পোড়ার অনুভূতিও হতে পারে। এক কানে বা উভয় কানে ব্যথা হতে পারে। কানে ব্যথার মূল কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসার বিষয়ে জেনে নিই চলুন।

শিশুদের ক্ষেত্রে কানের ইনফেকশনের কারণেই কানে ব্যথা হয়ে থাকে। বড়দের ক্ষেত্রে বিভিন্ন কারণে হতে পারে কানে ব্যথা। যেমন- গলা ব্যথা বা চোয়ালের ব্যথার কারণেও কানে ব্যথা হতে পারে। এছাড়াও আরো যে কারণগুলোর জন্য কানে ব্যথা হতে পারে তা হল- 

১। কানের পর্দার বাহিরের নালীতে ইনফেকশন হলে

২। এয়ার ক্যানেলে একজিমা হলে

৩। কানে ময়লা জমলে

৪। আক্কেল দাঁতের সমস্যা হলে

৫। কর্ণপটহের ভেতরে তরল জমা হলে। যাকে গ্লু ইয়ার বলে। বড়দের চেয়ে শিশুরাই এতে আক্রান্ত হয় বেশি

৬। কানে সূক্ষ্ম কোন কিছুর আঘাত লাগলে

৭। ফেসিয়াল নার্ভের ব্যথার কারণেও হতে পারে কানে ব্যথা, একে ট্রাইজেমিনাল নিউরালজিয়া বলে

৮। টনসিল বা ফেরিঞ্জাইটিস এর মত গলার সমস্যার কারণেও হতে পারে কানে ব্যথা

৯। ঠান্ডা লাগলে

১০। কানের নালীর মধ্যে ঘা হলে

১১। কানের নালীর ভেতরের হেয়ার ফলিকল সংক্রমিত হলে

১২। সাইনুসাইটিসের ব্যথার কারণেও হতে পারে কানে ব্যথা

কানে ব্যথার সাধারণ লক্ষণগুলো হচ্ছে

-   ব্যথার কারণে রাতে ঘুম হয়না

-   শিশুদের দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং মেজাজ খারাপের লক্ষণ দেখা যায়

-   শিশুদের ক্ষেত্রে ক্ষুধামন্দার সমস্যা দেখা যায়

-   নাক দিয়ে পানি পড়া

-   কাশি

-   ভারসাম্যহীনতা

-   শিশুদের কান টানা বা কানে ঘষার লক্ষণ দেখা যায়

-   শ্রবণের সমস্যা হতে পারে।

যদি আপনার সন্তানের ঘাড় শক্ত হয়ে যায় এবং তার মধ্যে অলসতা দেখা যায় তাহলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান।

রোগ নির্ণয়

ডাক্তার অটোস্কোপের মাধ্যমে কান পর্যবেক্ষণ করবেন। ইনফেকশন হলে কানের পর্দা লাল ও ফোলা দেখাবে। আরো কোন পরীক্ষা করার প্রয়োজন হলে চিকিৎসকই পরামর্শ দেবেন।

চিকিৎসা

কানের ব্যথা নিরাময়যোগ্য সমস্যা এবং সাধারণত দীর্ঘদিন ভুগতে হয়না। ব্যথা ও জ্বর কমানোর জন্য ইবোপ্রুফেন বা প্যারাসিটামল সেবনের পরামর্শ দেবেন চিকিৎসক।  

ঠান্ডা পশমি কাপড় ব্যথাযুক্ত কানের উপর ২০ মিনিট ধরে রাখলে কানের ব্যথা অনেকটা কমে। কানের ভেতরে যেন ভিজে না যায় সেদিকে খেয়াল রাখুন।

ডাক্তার ইয়ার ড্রপ ব্যবহারের পরামর্শ দিতে পারেন। কিছু ইনফেকশনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সেবন করার ও পরামর্শ দিতে পারেন।  

লিখেছেন –

সাবেরা খাতুন

ফিচার রাইটার, প্রিয় লাইফ

প্রিয়.কম  

সম্পাদনা- কে এন দেয়া, অ্যাসিস্ট্যান্ট এডিটর