সর্বোচ্চ কার্ড ইংল্যান্ডের, সর্বনিম্ন নরওয়ের; সেমিতে নিষেধাজ্ঞার ঝুঁকিতে যেসব তারকা
চলতি ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর মাঠের শৃঙ্খলা বা ডিসিপ্লিনারি পরিসংখ্যান বিশ্লেষণ করলে একটি বৈপরীত্য স্পষ্ট হয়ে ওঠে। ফাউলের সংখ্যার সঙ্গে কার্ড দেখার হারে সবচেয়ে বিপর্যস্ত অবস্থানে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে সবচেয়ে কম কার্ড দেখেছে নরওয়ে, তাদের ঠিক পরেই আছে আর্জেন্টিনা।
কার্ডে নাজুক ইংল্যান্ড
কোয়ার্টার ফাইনালের দলগুলোর মধ্যে রেফারিদের বুকিংয়ের তালিকায় সবার ওপরে রয়েছে ইংল্যান্ড। পুরো টুর্নামেন্টে তারা ৫৪টি ফাউল করেছে। এই ফাউলগুলোর বিপরীতে থ্রি লায়ন্সদের নামের পাশে যোগ হয়েছে সর্বোচ্চ ৮টি কার্ড, যার মধ্যে ৭টি হলুদ কার্ড এবং ১টি লাল কার্ড রয়েছে। গাণিতিক হিসাবে, প্রতি ৬.৭৫টি ফাউল করার পরই ইংল্যান্ডকে একটি করে কার্ড দেখতে হয়েছে।
সবচেয়ে কম কার্ড নরওয়ের পকেটে, দ্বিতীয় আর্জেন্টিনা
তালিকার অন্য প্রান্তে সবচেয়ে কম কার্ড দেখার রেকর্ড নরওয়ের। দলটি পুরো টুর্নামেন্টে ৪৮টি ফাউল করেছে, যা কোয়ার্টার ফাইনালিস্টদের মধ্যে ফাউলের সংখ্যার দিক থেকেও সর্বনিম্ন। এই ৪৮টি ফাউলের বিপরীতে নরওয়ের খেলোয়াড়রা কার্ড দেখেছেন মাত্র ২টি, যার দুটিই হলুদ কার্ড। গড়ে প্রতি ২৪টি ফাউলে তারা ১টি করে কার্ড পেয়েছে। অন্য দিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে ফাউল করেছে ৫৯টি, যার বিপরীতে তাদের নামের পাশে যোগ হয়েছে মাত্র ৩টি হলুদ কার্ড। অর্থাৎ, প্রতি ১৯.৬৬টি ফাউলে তারা ১টি করে কার্ড দেখেছে।