শাকিবের সেই শিক্ষাই মেনেছিলেন বুবলী, অবশেষে সত্যি হলো গুঞ্জন
দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন, নানা জল্পনা আর সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। আর এ ঘোষণার পর নতুন করে আলোচনায় এসেছে তাঁর একটি পুরোনো মন্তব্য—‘সব প্রশ্নের উত্তর দিতে নেই।’ যে কথাটি তিনি শিখেছিলেন অভিনেতা শাকিব খানের কাছ থেকে।
গত শুক্রবার নিজের ফেসবুক পেজে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যাঁরা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
পোস্টের সঙ্গে একটি ফটোকার্ডও প্রকাশ করেন বুবলী। সেখানে উল্লেখ করা হয়, গত ১১ মে জন্ম হয়েছে তাঁর কন্যাসন্তানের। নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে সন্তানের বাবা হিসেবে শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী।